এননিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও পেশার ৩ শতাধিক নেতাকর্মী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় যোগ দিয়েছেন বিভিন্ন দল ও পেশার ৩ শতাধিক নেতাকর্মী। শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয় তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন কেন্দ্রীয় নেতারা।
তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাকর্মী, চিকিৎসক ও আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী ও তরুণেরা।
নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
নেতারা জানান, শিগগিরই উত্তরার আরও কয়েকশ গার্মেন্টস শ্রমিক এনসিপির শ্রমিক উইন জাতীয় শ্রমিক শক্তিতে যোগদান করবেন। বিভিন্ন দল ও পেশাজীবী মানুষের ধারাবাহিক এনসিপি যোগদানে দলের সাংগঠনিক শক্তি ক্রমশই বাড়ছে বলে দাবি তাদের।
