পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করতে চায় না ইউজিসি
উচ্চশিক্ষার ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আলাদাভাবে বিবেচনা করতে চায় না বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। মঙ্গলবার (৫ মে) পাকিস্তান হাই কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ইউজিসি চেয়ারম্যান এই কথা জানান।
ড. মামুন আহমেদ বলেন, “সংখ্যাগত দিক থেকে বাংলাদেশ উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন আমাদের লক্ষ্য শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ ও গবেষণায় উৎকর্ষ সাধন।”
ইউজিসি চেয়ারম্যান বলেন, “প্রতিনিধি দলটির আসন্ন পাকিস্তান সফরের মাধ্যমে দেশটির উচ্চশিক্ষা ও গবেষণা খাতে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান প্রত্যক্ষভাবে অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হবে। এই অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান উচ্চশিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।”
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, “বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উচ্চশিক্ষা প্রদানের ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করতে চায় না। সংখ্যাগত দিক থেকে বাংলাদেশ উচ্চশিক্ষায় এক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন আমাদের লক্ষ্য শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ ও ও গবেষণায় উৎকর্ষ সাধন।”
পাকিস্তানের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। তিনি জানান, শিগগিরই ইউজিসি চেয়ারম্যানের নের্তৃত্বে ১৫ সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধি দল পাকিস্তান সফর করবে। সফরকালে প্রতিনিধি দলটি পাকিস্তানের বেশ কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে এবং পরিদর্শনকালে শিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে। তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের ফলে উচ্চশিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে, তা সরেজমিনে পর্যালোচনার সুযোগ সৃষ্টি হবে।
পাকিস্তানের হাই কমিশনার আরও বলেন, “চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।”
পাকিস্তানের প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন— মুহাম্মদ ওয়াসিফ, ডেপুটি হাই কমিশনার ও কামরান দাঙ্গাল, কাউন্সিলর, পাকিস্তান হাই কমিশন। ইউজিসির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন।
